Preloader

ক্যাম্পাস প্রতিবেদক

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি এবার মঞ্চে নিয়ে আসছে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। তিন দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট, প্রতিদিন সন্ধ্যা ৭টায় তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-১-এ।

পদ্মাপাড়ের জেলে-মাঝিদের বৈরী জীবনসংগ্রাম, দারিদ্র্য, স্বপ্ন, জটিল সম্পর্ক ও মানবিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই বিশেষ প্রযোজনা।

নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. রেজওয়ান। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন সৈয়দ মুহাম্মদ জুবায়ের। প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

উদ্বোধনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রযোজনায় কেন্দ্রীয় কুবের চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম রোমান, কপিলা চরিত্রে নুসরাত লামিয়া এবং হোসেন মিয়া চরিত্রে আতিকুল ইসলাম।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মো. রেজওয়ান (গণেশ), তাসনিম হায়দার লুবনা (মালা), নুসরাত জাহান সাদিয়া (গোপি), মিনহাজ উদ্দিন নাকিব (রাসু), তুর্য দত্ত (ধনঞ্জয়, বৈকুণ্ঠ ও বঙ্কু), মাশরাফি সজিব (প্রীতম ও পুলিশ), এম সাইফুর রহমান (নকুল দাস ও আফিম ব্যবসায়ী), অন্তর মুন্সি (আমিনুদ্দিন ও ডাক্তার বাবু), রাহিম চৌধুরি সাগর (শীতল বাবু), শাহরিয়ার কাদির (শম্ভু) এবং ইসরাত বিনতে তুবা (আমিনুদ্দিনের মেয়ে)।

আয়োজকদের প্রত্যাশা, এই প্রযোজনার মাধ্যমে শিক্ষার্থীদের পেশাদার অভিনয়চর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। একই সঙ্গে নাট্যপ্রেমীদের জন্য এটি হয়ে উঠবে একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন।